করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

আলমগীর হোসেনকারোনায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তার নাম আলমগীর হোসেন (৫৫)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীনে হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা পজিটিভ হওয়ায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। রবিবার (৭ জুন) রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তারা জানান, কনস্টেবল আলমগীরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, করোনায় এ পর্যন্ত পুলিশের ১৯ সদস্যের মৃত্যু হয়েছে।