ভুল তথ্য ও ফেক নিউজের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে সৃষ্টিশীল কাজের মাধ্যমে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট (এসএসিএমআইডি)। ‘তোমার আসল সৃষ্টি দাও: ঘরে বসেই তৈরি করো’ এই প্রতিপাদ্যে শিল্পী এবং সৃজনশীল মনস্তাত্ত্বিকদের কাজ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। মঙ্গলবার ( ৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনার মহামারির মধ্যেই আরেকটি লড়াই চলছে ভুল তথ্যের বিরুদ্ধে। বাংলাদেশেও একই পরিস্থিতি বিরাজ করছে। কিছু সংখ্যক লোক নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে ভুল তথ্য এবং ফেক নিউজ তৈরি করছে এবং সরল মনের নেটিজনরা এগুলোর প্রভাব সম্পর্কে না জেনে শেয়ার করছেন। মাঝে মাঝে এসব অসত্য থেকে সত্য বের করে আনা খুব কঠিন হয়ে পড়ে এবং ফেক নিউজের প্রভাব সম্পর্কে অবগত অথবা খবরের সোর্স চেক করার মতো কিছু পদক্ষেপ সম্পর্কে জানা থাকলে সমাজ প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে।
প্রতিযোগিতার বিষয়ে বলা হয়, সৃজনশীল কাজের ক্যাটাগরির মধ্যে আছে পোস্টার তৈরি, সঙ্গীত কিংবা প্যারোডি, কমিক্স এবং অডিও ভিজুয়াল গল্প; যেগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে ফেক নিউজ, গুজব এবং ভুল তথ্য সম্পর্কে সচেতন করা যায়।
আয়োজকরা জানান, ১৫ বছরের ঊর্ধ্বে যেকোনও বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ হাজার টাকা। আগ্রহীদের আগামী ২০ জুনের মধ্যে কাজ জমা দিতে হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে sacmid.asia/index.php/competition ঠিকানায়। নেদারল্যান্ড ভিত্তিক মিডিয়া উন্নয়ন সংস্থা ফ্রি প্রেস লিমিটেডের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।