মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো— ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।
এদিন মুগদা থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সল মুন্সী আসামিদের আদালতে হাজির করেন। তিনি প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছে।
আসামি লিয়াকতের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপর আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।
উল্লেখ্য, সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে করোনার ভুয়া সনদ সরবরাহকারী চক্রের এই চার সসদস্যকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনাভাইরাসের ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানার উদ্ধার করা হয়।
র্যাব জানায়, করোনার ভুয়া নেগেটিভ সনদ কিনে ক্রেতারা তা দিয়ে কর্মক্ষেত্রে যোগদানসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে ব্যবহার করছিল। আবার ভুয়া পজিটিভ সনদ দেখিয়ে কর্মক্ষেত্রে ছুটি বা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আদায়ে ব্যবহার হচ্ছিল।
আরও পড়ুন:
টাকায় দিতেন করোনার ভুয়া সনদ