নারীর গৃহস্থালির কাজে পুরুষের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান সমাজকর্মীদের

1নারীর গৃহস্থালির কাজে পুরুষের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজকর্মীরা। পাশাপাশি নারীর ওপর সহিংসতা ও নির্যাতন বন্ধ করে এসব কাজে মর্যাদা দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সমাজ সেবাভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।

‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাজকর্মীরা অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম বলেন, আমাদের সমাজের নারীরা সামাজিক ও পরিবারিকভাবে অবহেলিত। উত্তরাধিকার সূত্র তাদেরকে সমাজে ছোট করে দেখার প্রবণতা এখনও রয়ে গেছে। তাই নারীর মর্যাদা বৃদ্ধির জন্য সচেতনতা বাড়াতে হবে। এজন্য তাদের অবৈতনিক গৃহস্থালির কাজে পুরুষের অংশীদারিত্ব বাড়াতে হবে। নারীর পাশাপাশি পুরুষকেও এসব কাজে এগিয়ে আসতে হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশন ও গণসংযোগ) মো. সাজ্জাদুল ইসলাম।