ঢাকায় বিদেশগামীদের করোনার নমুনা নেওয়া হবে ডিএনসিসি মার্কেট বুথে

করোনা পরীক্ষাবিদেশগামী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ঢাকা মহানগরীর ভেতরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে ইচ্ছুকদের ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে অবস্থিত কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হবে। আর এ জন্য আগামীকাল সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর থেকে রবিবার (১৯ জুলাই) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অপরদিকে, ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে রবিবার থেকেই নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে বলে জানিয়েছে অধিদফতর।

যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে, নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে মূল পাসপোর্ট ও টিকেট প্রদর্শন করতে হবে।

নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।