বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন অন্তরে ধারণ করেই সংগ্রাম করেছিলেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন,  বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্থপতি। তিনি সমগ্র জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ ও সংগঠিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালি জাতি হাতে অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল।

রবিবার (১৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী জানিয়েছেন,  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শনিবার (১৫ আগস্ট) ঢাকায় টিসিবি অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী রংপুরে নিজ নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকায় ভিডিও বার্তায় বক্তব্য প্রদান করেন। বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন,  ‘বঙ্গবন্ধু দেশের অর্থনৈতিক মুক্তির জন্য যে সব চিন্তা ও অভিপ্রায় ব্যক্ত করেছেন, তা আজ বিশ্বব্যাপী দারিদ্র্য ও উন্নয়নের কৌশল হিসেবে বিবেচতি হচ্ছে। সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এটাই হবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সর্বোৎকৃষ্ট উপায়।’

আলোচনা সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ,  বাংলাদেশ চা বোর্ডের চেয়াম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম,  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা,  টিসিবি’র চেয়ারম্যান- ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসানসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।    

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব  ড. জাফর উদ্দীন।