মধ্যপ্রাচ্যে ভালো অবস্থানে বাংলাদেশ

4 deshবছর শেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। সৌদি আরবে ওমরাহ ভিসা চালু, সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিসা অফিস উদ্বোধন, বাহরাইনের সঙ্গে দুটি বাণিজ্য চুক্তির কারণে মধ্যপ্রাচ্যে এখন বাংলাদেশের অবস্থান শক্ত।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, অনেক দিন ধরে কূটনৈতিক প্রয়াস চালানোর পর বছর শেষে এ ফলাফল পাওয়া গেছে।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য আমরা ইতিবাচক পদক্ষেপ নিয়েছি যা আমাদের সফল কূটনীতির একটি অংশ।
তিনি আরও বলেন, কয়েক মাস আগে ইয়েমেন বিষয়ে সৌদি আরবের অবস্থানকে বাংলাদেশ সমর্থন জানায় যার ফলে দুই দেশের সম্পর্ক একধাপ এগিয়ে যায়।
‘কেউ বিপদে পড়লে সে প্রথম যেটি চায় সেটি হচ্ছে নৈতিক সমর্থন। ইয়েমেনের ক্ষেত্রে বাংলাদেশ সেই কাজটি করেছে। পরবর্তীতে সৌদি উদ্যোগে সহিংসতাবিরোধী ৩৪-সদস্য জোটে যোগদান বিষয়টিকে আরও সহজ করেছে।’

অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের বৈঠকে শ্রমবাজার ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, সৌদি সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মসিহ বলেন, গত ৪০ বছরে সৌদি আরব এত বড় প্রতিনিধিদল বাংলাদেশে পাঠায়নি। ১৫টি সরকারি মন্ত্রণালয়ের প্রতিনিধি এ প্রতিনিধি দলে ছিল।

আমরা চেষ্টা করছি এর প্রতিটি বিষয়ে যোগাযোগ রাখতে এবং এটি যদি সুষ্ঠুভাবে করা যায় তবে এর প্রভাবে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের অর্থনীতি চাঙ্গা হবে।

বাংলাদেশ-সৌদি সম্পর্ক এখন শুধু শ্রমবাজারে সীমাবদ্ধ নেই, এর অনেক বিস্তৃতি ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন বাংলাদেশ অনেক দিন ধরে কূটনৈতিক প্রয়াস চালিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার খুলে দেওয়ার জন্য এবং বছর শেষে তাদের নতুন ভিসা অফিস উদ্বোধন সেদিকেই ইঙ্গিত দেয়।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত যখন মনে করছে তাদের নতুন ভিসা অফিসের প্রয়োজন, তখন বুঝতে হবে এক্ষেত্রে কোনও উন্নয়ন ঘটেছে। শুধু তাই নয় তারা একজন বাড়তি ভিসা অফিসারও এখানে নিয়োগ দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফার আমন্ত্রণে বর্তমানে মানামা রয়েছেন। মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন এটি একটি দ্বিপক্ষীয় সফর।

তিনি আরও জানান, এ সফরে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার দুটি বাণিজ্য সংক্রান্ত। চুক্তি তিনটি হচ্ছে দ্বৈত কর পরিহার চুক্তি, বিনিয়োগ সুরক্ষা চুক্তি ও নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চুক্তি।

তিনি বলেন, বাহরাইন একটি ছোট দেশ এবং সেখানে এক লাখের সামান্য বেশি বাংলাদেশি আছে এবং প্রতিবছর সেখানে ২০ হাজার থেকে ২৫ হাজার বাংলাদেশি কাজ নিয়ে যায়।

এ ছাড়া দেশটির সঙ্গে এখন দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ কোটি ডলারের বেশি এবং সামনে তা আরও বাড়বে। বাংলাদেশ বাহরাইন থেকে লোহা ও ইস্পাত সামগ্রী আমদানি করে থাকে।

/এফএ/

আপ-এমপি