অবৈধ টোল আদায়: ডিএসসিসির অভিযানে ১ জনের কারাদণ্ড

অবৈধ টোল আদায়ের অপরাধে সাজাপ্রাপ্ত জয়নাল আবেদিনডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অবৈধ টোল আদায়ের অপরাধে জয়নাল আবেদিন নামে একজনকে সাত দিনের সাজা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন করপোরেশনের জায়গায় অবৈধভাবে অস্থায়ী দোকান নির্মাণের দায়ে দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ওই এলাকায় কিছু অসৎ ব্যক্তি প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে টোল আদায় করছে– এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিই। আজ ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় সংলগ্ন টেম্পু স্ট্যান্ডে সরেজমিন অভিযানে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে অবৈধভাবে ৫০ টাকা হারে টোল আদায় করছেন। পরে টোল আদায়কারীকে হাতেনাতে পাকড়াও করি। তাকে “পেনাল কোড, ১৮৬০”-এর ১৮৮ নম্বর ধারা ভঙ্গের দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় টেম্পু স্ট্যান্ড সংলগ্ন সিটি করপোরেশনের জায়গায় বাঁশ দিয়ে অবৈধভাবে নির্মিত দুটি দোকান পরিচালনাকারীকে জরিমানা করা হয়।’