করোনাকালে নানা অজুহাতে কয়েকটি সংবাদমাধ্যমে আইনি বিধি-বিধান উপেক্ষা করে সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজে’র নেতারা অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে এই উদ্বেগ ও দাবির কথা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, করোনার দুঃসময়ে জীবনবাজি রেখে পেশাগত দায়িত্ব পালনের পরেও কয়েকটি সংবাদমাধ্যমে রাতের আঁধারে কোনও ধরনের আগাম নোটিস ছাড়া যে সব সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বা চাকরিচ্যুত করার ছক বানানো হয়েছে, তাদের সবাইকে স্ব স্ব পদে অবিলম্বে পুনর্বহাল করতে হবে। ডিইউজে মনে করে, যে সব প্রতিষ্ঠান সাম্প্রতিক দুঃসময়ে নানা অজুহাতে সাংবাদিক ছাঁটাই করছে, তারা কখনোই পাঠক ও গণমাধ্যমের বন্ধু নয়,শত্রু। ডিইউজে নেতারা মনে করেন, ছাঁটাইয়ের পথে এগুলে সংবাদপত্রের সংকট নিরসন সম্ভব হবে না, বরং অস্থিরতা আরও বাড়াবে। সমাজে ও পেশায় নৈরাজ্য দেখা দেবে। ডিইউজে আরও মনে করে, এ ক্ষেত্রে সরকার-মালিক-সাংবাদিক ত্রিপক্ষীয় সভা করে শিল্প ও সাংবাদিক রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, আগস্ট মাস আসলেই দেশে নানা ধরনের ষড়যন্ত্র-চক্রান্তের প্লট তৈরি হয়। তৎপর হয়ে উঠে চক্রান্তকারীরা। নেপথ্যে কলকাঠি নাড়তে শুরু করে কুশলীবরা।
বিবৃতিতে ডিইউজে নেতারা অবিলম্বে এ ধরনের অন্যায্য তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে কর্মচ্যুত সাংবাদিকদের পুনর্বহালেরও দাবি জানান।