বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, গতকাল বুধবার দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক অতীব জরুরি পত্রে তাকে তলব করা হয়েছে।
তলবি পত্রে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর ও বিভিন্ন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে শামীমুজ্জামান কাঞ্চনের বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। তাই অভিযোগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ (যদি থাকে) তাকে বক্তব্য দিতে আগামী ৯ সেপ্টেম্বর দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোনও বক্তব্য নেই বলে গণ্য করা হবে।
দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী আলাদা আলাদা পত্রের মাধ্যমে একই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চেয়ে স্বাস্থ্য অধিদফতর ও ঔষধ প্রশাসন অধিদফতরে বুধবারই চিঠি পাঠিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে-
১. কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের গৃহীত একটি প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য ‘জাদিদ অটোমোবাইল্স’, যার মালিক- শামীমুজ্জামান কাঞ্চন, তার সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র, সরবরাহ আদেশ, জাদিদ অটোমোবাইল্স কর্তৃক সরবরাহকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর তথ্য/চালান, ওই প্রতিষ্ঠানকে প্রদানকৃত/পরিশোধকৃত বিলের তথ্য/যাবতীয় রেকর্ডপত্রসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি ।
২. স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহে ‘জাদিদ অটোমোবাইল্স’ এর সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সম্পাদিত চুক্তি সংক্রান্ত নথি ও নোটশিটের সত্যায়িত ফটোকপি।
৩. কোভিড-১৯ সংক্রান্ত ওই প্রকল্পের আওতায় ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জামাদী/যন্ত্রপাতিসমূহের তথ্য, কোন কোন হাসপাতাল/প্রতিষ্ঠানে কী পরিমাণে সরবরাহ করা হয়েছে (প্রাপ্তি স্বীকারসহ) ও বর্তমানে কী পরিমাণ মজুদ রয়েছে তার আইটেম ভিত্তিক তথ্য এবং ওই প্রকল্পের আওতায় ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানকে কী পরিমাণ বিল পরিশোধ করা হয়েছে তার আইটেমভিত্তিক তথ্য ইত্যাদি।
ঔষধ প্রশাসন অধিদফতরের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে-
১. স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির অনুমতির জন্য ‘জাদিদ অটোমোবাইল্স’ কর্তৃক মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদফতর বরাবর দাখিলকৃত আবেদনপত্রের সত্যায়িত ফটোকপি (সংলগ্নিসহ) এবং এ সংক্রান্ত ওই প্রতিষ্ঠানকে প্রদত্ত অনুমতিপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২. স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য জাদিদ অটোমোবাইল্স এর সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সম্পাদিত চুক্তিতে অসঙ্গতি থাকায় এই অধিদপ্তর থেকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর বরাবর পাঠানো পত্রের সত্যায়িত ফটোকপি (সংলগ্নিসহ) এবং এ সংক্রান্তে যদি কোনও নথি থাকে তার সত্যায়িত ফটোকপি ইত্যাদি। পত্রে এসব রেকর্ডপত্র আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের অনুরোধ করা হয়েছে।