কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর শাহবাগে বিদ্যুৎস্পৃষ্টে জহিরুল ইসলাম (৪০) নামে একজন লাইনম্যানের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এর সহকারী লাইনম্যান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় এই দুর্ঘটনা ঘটে।

সহকর্মী ওবায়দুল জানান, শাহবাগ থানার রমনা চাইনিজের বিপরীত পাশে আইডি সাব স্টেশন ও সড়ক ভবন মসজিদের কোণার রাস্তার পাশে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জহিরুল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সংখাইয়ে। তিনি ওই গ্রামের আবুল বাশারের ছেলে। জহিরুল বর্তমানে পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় থাকতেন।