মাসুদ রানা-কুয়াশা সিরিজের বই নিয়ে কপিরাইটের আদেশ স্থগিত

5e42fc4cac923f893faa9ce51a7f5f2c-5ee66746acdae

শেখ আবদুল হাকিমকে সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বই এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্বাধিকারী ঘোষণা করা কপিরাইট অফিসের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও এখতিয়ার বর্হিভূত হওয়ায় কপিরাইট অফিসের ওই সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংস্কৃতি মন্ত্রণালয় সচিব, কপিরাইট অফিস, রেজিস্ট্রার অফ কপিরাইটস এবং কপিরাইট বোর্ডকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

লেখক কাজী আনোয়ার হোসেনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ।

‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বই এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমকে স্বত্ব দিয়ে কপিরাইট অফিস গত ১৪ জুন রায় দেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন কাজী আনোয়ার হোসেন। শুনানি শেষে হাইকোর্ট গত ১৪ জুনের রায় এক মাসের জন্য স্থগিত করে রুল জারি করলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ জুলাই শেখ আব্দুল হাকিম ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ কপিরাইট অফিসে দাখিল করেন।

এরপর গত ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। ফলে দাবি করা মাসুদ রানা সিরিজের ২৬০টি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব শেখ আবদুল হাকিমের। তবে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান কাজী আনোয়ার হোসেন।