মাদকের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের জামিন

15556f8b07e52f31ca9fe0d2fbea40cb-5f428c88c2e6b

মাদকের মামলায় ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণ যুবলীগের ব‌হিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও কিছু মামলা থাকায় আপাতত তিনি জামিনে কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

তার জামিনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আরমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আলাল উদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অক্টোবর দিনগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের রাজধানীতে আনার পর অভিযান চালি‌য়ে অস্ত্র ও মাদক উদ্ধার ক‌রে র‌্যাব। এরপর রমনা মডেল থানায় মামলা দায়ের করে র‌্যাব-১। ওই মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এদিকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায় আরমান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ২৩ আগস্ট তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়াও আদালত এই মামলার তদন্ত কর্মকর্তার বক্তব্য শোনার পর রুলটি যথাযথ ঘোষণা করে আরমানকে জামিন দিলেন।