পাটকল বন্ধের প্রতিবাদে বাম জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরা কর্মসূচিতে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বাম জোটের কর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে বাম জোট কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের এক সদস্যসহ বাম জোটের কর্মীদের প্রায় ৭-৮ জন সদস্য আহত হন।
ঘেরাও কর্মসূচি শুরুর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের বাম জোটের নেতাকর্মীরা বলেন, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। পাটকল বন্ধের প্রতিবাদে আজকে আমরা পুলিশি বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবো। সেখানে আমাদের বক্তব্য জানাতে চাই। দরকার হলে এই জালিম সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করবো।
তারা আরও বলেন, এ সরকার রাতেরও আঁধারে কাজ সারেন। তেমন একটা কাজ জুলাইয়ে সেরেছেন। সরকার পাটকল বন্ধের ঘোষণা করেছে। এই সরকার শ্রমিকের পক্ষে না, কৃষকের পক্ষে না, খেটে খাওয়া মানুষের পক্ষে না। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পক্ষে না। এই সরকার ধনী ও ব্যবসায়ীদের পক্ষে। এ সরকার টিকে আছে র্যাব, পুলিশ ও আদালতের ওপর ভিত্তি করে। আজকে এই সরকারের কোনও দায়িত্বশীলতা নেই জনগণের প্রতি।
পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে দলটি নেতাকর্মীরা। একইসঙ্গে আগামী ১৯ তারিখ সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধ ঘোষণা করা হয়েছে।