একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১১ অক্টোবর) রাতে এক শোকবার্তায় চিকিৎসাখাতে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার (১১ অক্টোবর) মারা গেছেন। ভাষা আন্দোলনে ভূমিকার জন্য ২০১৮ সালে একুশে পদক পান তিনি ।
ভাষা সৈনিক অধ্যাপক মির্জা ডা. মাজহারুল ইসলাম ১৯২৭ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হেলাল উদ্দিন ও মাতার নাম চান খাতুন। তিনি ১৯৪৪ সালে বল্লা করোনেশন ইংলিশ হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৪৬ সালে কোলকাতা থেকে আইএসসি, ১৯৫১ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে মাস্টার অব এফআরসিএস ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি ১৯৫২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বারডেমের পরিচালকের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির প্রভূত উন্নতি হয়।