রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের ধাক্কায় মহর আলী (৭০) নামের একজন বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমরা সকালে দুজন গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হই। কুড়িল বিশ্বরোডে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস মহর আলীকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। সেখানে গার্ডের চাকরি করতেন তিনি। তার স্ত্রী বাসা বাড়িতে কাজ করেন।