মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম বা বাদী একজন নাট্যশিল্পী। আর আসামি আসলাম সিকদার (৪২) এটিএন বাংলার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে আসামির সঙ্গে পরিচয় হয় বাদীর। পরিচয়ের একপর্যায়ে আসামি বাদীকে জানান যে, তিনি তাকে (বাদী) ভালোবেসে ফেলেছেন এবং পরবর্তীতে বিয়ে করার প্রস্তাব দেন। সেই সঙ্গে আসামি বলেন, তিনি বাদীকে বড় নাট্যকার হিসেবে তৈরি করতে পারবেন। কারণ, তিনি এ বিষয়ে ২০ বছরের ট্রেনিংপ্রাপ্ত।
নাটকের বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রায়ই বাদীকে আসামির বাসায় যেতে বলেন। কাজের কারণে বাদী আসামির বাসায় যেতে পারেননি। ২০১৮ সালের ২৬ অগাস্ট আসামির সঙ্গে প্রথমবারের মতো তার অফিসে যান। ওখানে যাওয়ার পর বাদী বুঝতে পারে এটা কোনও নাট্য প্রশিক্ষণের অফিস না। বাদী তখন অফিস থেকে বের হওয়ার চেষ্টা করলে আসামি বাধা দেন। এরপর জোরপূর্বক বাদীকে ধর্ষণ করেন তিনি। বাদী আইনের আশ্রয় নিতে চাইলে আসামি তাকে বিয়ের আশ্বাস দেন। এভাবে অনেকবার বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে আসামি বাদীকে বিয়ে করবেন না বলে জানান এবং হত্যার হুমকি দেন।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিকে আদালত বেকসুর খালাস দিলেন।