সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ সরকার। তিনি বলেন, ‘প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করতে হবে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা বেতন নির্ধারণ নিয়ে জটিলতা দ্রুত নিরসন করতে হবে।’
এ সময় তিনি সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে (১৬ হাজার টাকা) এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা)বেতন পুনর্নির্ধারণ করে বৈষম্য দূর, অষ্টম জাতীয় বেতন স্কেলে আগের মতো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণসহ পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের একই পদে সরাসরি নিয়োগ পাওয়াদের মতো বেতন স্কেল দিতে হবে। ৯ মার্চ ২০১৪ তারিখে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার যে প্রক্রিয়া দুই বছর ধরে আটকে আছে তা বাস্তবায়ন করতে হবে।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে দুই দফা কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো- আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। আগামী ১২ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে, ১৫ জানুয়ারিতে মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মো. আব্দুল্লাহ সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সব দাবি-দাওয়া পূরণ করতে চাই। কিন্তু আমাদের দাবি-দাওয়া আমলে না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, বদরুন নেসা প্রমুখ।
ছবি: নাসিরুল ইসলাম
/এসআইএস /এসএম /এএইচ /