ধর্ষণ নিয়ে জাতীয় সংসদে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান আইন ও সালিশ কেন্দ্র নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল।
আইন ও সালিশ কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু মঙ্গলবার (১৭ নভেম্বর)জাতীয় সংসদে বলেছেন, দেশজুড়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য নারীবাদীরা দায়ী। পাশাপাশি হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীর কথার সঙ্গে একমত পোষণ করে তিনি নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক) তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এ বক্তব্যের জন্য অনতিবিলম্বে তাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২০’ নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘নারীমুক্তির নামে নারীবাদীরা নারীদের স্বাধীন হতে উৎসাহিত করছে। এতে ধর্ষণকারীরা ধর্ষণে উৎসাহিত হচ্ছে।’ তিনি হেফাজতে ইসলামের প্রয়াত আমিরের ‘তেঁতুল তত্ত্ব’ প্রয়োগ করার পরামর্শও দেন। সংসদ সদস্য রেজাউল করিমের মতে, ‘তেঁতুল তত্ত্ব যদি ব্যবহার করা হয়, তাহলে ধর্ষকরা নিরুৎসাহিত হবে এবং তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি বাড়বে।’
সংসদ সদস্য রেজাউল করিমের এ বক্তব্য পুরুষতান্ত্রিক মানসিকতার চরম বহিঃপ্রকাশ। আসক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এ বক্তব্য আমাদের সংবিধান, বিদ্যমান আইন ও নীতি, সরকারের অগ্রাধিকার, আন্তর্জাতিক মানবাধিকারের অঙ্গীকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সাংর্ঘষিক। জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য। যেখানে সংসদ নেত্রী প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেত্রী সবাই নারী। আসক এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।