‘মৌলবাদীদের সঙ্গে আপস করলে আওয়ামী লীগ ভুল করবে’

1সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদীদের সঙ্গে আপস করলে আওয়ামী লীগ সরকার ভুল করবে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা৷ সোমবার (৭ ডিসেম্বর) বিকালে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও ভাস্কর্য ভাঙার উস্কানিদাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ মন্তব্য করেন তারা৷ 'নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ' ব্যানারে ওই মানববন্ধন আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খাঁন আসাদুজ্জামান মাসুম বলেন, ২০০৬ সালে যখন লালনের ভাস্কর্য মৌলবাদীরা গুড়িয়ে দিয়েছিল তখনও আমরা প্রতিবাদ জানিয়েছি৷ আজ যখন জাতির পিতার ভাস্কর্য ভাঙা হলো, তখনও আমরা আন্দোলন করছি৷ আর আপনারা ক্ষমতায় এসে এ জামায়াতকে পুষেছেন, হেফাজতকে পুষেছেন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য৷ সেই মৌলবাদীদের আস্ফালন এখন আপনারা নেবেন না? আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনও আপস হতে পারে না।
উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম বলেন, মৌলবাদীদের সঙ্গে যারা আপস করছেন ভুল করবেন৷ তারা আওয়ামী লীগকে কখনও ভোট দেবে না৷ আমাদের পিতারা যখন বাংলাদেশ তৈরি করেছিলেন, তারা অসাম্প্রদায়িক দেশ গড়েছিলেন৷ দেশ চালাতে হলে আগে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে জানুন, বুঝুন৷
সমাবেশে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও অ্যাক্টিভিস্ট আকরামুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, প্রকাশক রবিন আহসান৷ সমাবেশ সঞ্চালনা করেন গণজাগরণ মঞ্চের অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত৷ আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেহেদী হাসান নোবেল৷