লালবাগের রয়েল রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

একসঙ্গে রাখা হয়েছে রান্না করা ও কাচা মাংস, সবজি, মসলা রান্নাঘরে অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে জায়গায় খাদ্য প্রস্তুত, পোড়া তেল, পচা সবজি ও মাশরুম, নোংরা ডিম এবং খোলা অবস্থায় রান্না করা খাবার যত্রতত্র রাখার দায়ে লালবাগের রয়েল রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ঢাকা মহানগরীর লালবাগ এলাকার রয়েল রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টটির রেফ্রিজারেটরে কাঁচা সবজি ও মাংসের সঙ্গে রান্না করা মাংস এবং মসলা একই সঙ্গে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও রান্নাঘরে অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে অবস্থায় খাদ্য প্রস্তুত, পোড়া তেল, পচা সবজি ও মাশরুম, নোংরা ডিম এবং খোলা অবস্থায় রান্না করা খাবার যত্রতত্র পাওয়া যায়। এসব অপরাধে রয়েল রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর বিধান অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।

এ সময় রয়েল রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন, খাদ্য বিশ্লেষক মো. ফারহানুল আলম, নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান আনসারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।