শাহজালালের জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী ও বেবিচকের বৈঠক

১১১হযরত শাহজালাল বিমান বন্দরের জরুরি পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মধ্যে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সেনানিবাসে বিমান বাহিনীর সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন এক্সারসাইজের  অংশ হিসেবে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ এ বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্ভুত জরুরি অবস্থা দ্রুততা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার প্রস্তুতি হিসেবে বিভিন্ন অনুশীলন করে থাকে। ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ কে সফল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সভায় বিশদ আলোচনা করা হয়। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক এবং বিমান বাহিনী সদর দফতরের আকাশ উড্ডয়ন পরিদফতরের পরিচালক অনুশীলন সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

আলোচনা সভায় বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।