গাড়িচাপায় রেসিডেনসিয়ালের শিক্ষার্থীসহ নিহত ২

ঢামেকরাজধানীর তিনশ’ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তারা হচ্ছেন, ঢাকা রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী আমির হোসেন রিয়াজ (১৮) ও তার আত্মীয় আজমিন খান লামী (২৯)। শুক্রবার (১১ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। পরে দুই জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুই জনের বাসা একই এলাকায়। দক্ষিণ বাড্ডার মিজানুর রহমানের ছেলে আজমিন ও আক্তার হোসেনের ছেলে আমির। আজমিন খান লামী চাকরি করতেন, পাশাপাশি পাঠাও চালক ছিলেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা রয়েছে। বিষয়টি খিলক্ষেত  থানাকে জানানো হয়েছে।

তিনি জানান, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

আমিরের ভাই অভি জানিয়েছেন, ‘সকালে দুই জন তিনশ ফিট সড়কে গিয়েছিল। আমি যতটুকু জানতে পেরেছি ওই সড়কে ইউট্রার্ন নেওয়ার সময় সেখান একটি মাটি বা বালুর গাড়ি তাদের মটরসাইকেলটিকে চাপা দেয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।’