জাতীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবী দিবসের দোয়া অনুষ্ঠিত

২২শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায়  কুরআনখানি শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ১৯৭১ সালে দেশের জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অন্যদিকে দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া মোনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মদানকারী সব শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লীরা দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।