‘৯৫ শতাংশ তরুণীর আয়ে করোনা ক্ষতিকর প্রভাব ফেলেছে’

৫৫৫৫করোনা মহামারির আগে ফেব্রুয়ারি মাসে যেখানে মানুষের গড় মাসিক আয় ছিল ৬ হাজার ২৭৩ টাকা, সেটা মহামারির সময়ে এপ্রিল মাসে কমে গিয়ে  ৪ হাজার ৭৪৫ টাকা এবং সেপ্টেম্বরে  ৪ হাজার ৪০৮ টাকায় দাঁড়িয়েছে। ৯৫ শতাংশ তরুণ নারীর জীবন ও জীবিকায় করোনা ক্ষতিকর প্রভাব ফেলেছে। ৭৬ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী প্রান্তিক পর্যায় ও দূরত্বের কারণে এই বছরের এপ্রিল মাস থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না।  মঙ্গলবার (১৫ ডিসেম্বর) করোনা-পরবর্তী জীবনে ‘যুবদের অ্যাডভোকেসি ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় কোভিড -১৯ এর প্রভাব’ শীর্ষক এক  ভার্চুয়াল মতবিনিময় সভায় অ্যাকশন এইড বাংলাদেশ পরিচালিত একটি জরিপের এসব তথ্য তুলে ধরা হয়।

ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, দিনাজপুর, নওগাঁ ও কুড়িগ্রামসহ মোট ১০টি জেলার ১৮-৩৫ বছর বয়সী মোট ৫৫০ জন তরুণ নারীর ওপরে এই জরিপ চালায় অ্যাকশন এইড বাংলাদেশ।

জরিপে প্রাপ্ত ফলাফলে আরও বলা হয়, এই সময়ে মূল্যস্ফিতির কারণে ঋণগ্রহণের হার বেড়েছে। ৬৪ দশমিক ৯১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, আর্থিক সংস্থানের জন্য তাদেরকে ঋণ বা ধার করে চলতে হয়েছে। মহামারিজনিত কারণে স্বাস্থ্য ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন ৩৭ শতাংশ উত্তরদাতা। করোনাকালীন গৃহস্থালী কাজের চাপ বেড়েছে বলে মনে করেন উত্তরদাতাদের ৭৯ শতাংশ। জেন্ডার-ভিত্তিক সহিংসতা (যৌন, শারীরিক এবং মানসিক) উল্লেখযোগ্য হারে বেড়েছে। মহামারি চলাকালীন সময়ে সহিংসতার শিকার নারীদের সহায়তায় পুলিশ এবং স্থানীয় সহায়তার ব্যবস্থা ছিল কিনা, প্রশ্নে নেতিবাচক জবাব দিয়েছেন ৩৫ দশমিক ২৭ শতাংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদফতরের  মহাপরিচালক  আখতারুজ জামান খান কবির বলেন,  ‘যুব উন্নয়ন অধিদফতর ১৮-৩৫ বছরের যুব পুরুষ ও নারীদের নিয়ে কাজ করে আসছে। গত মার্চ মাস থেকে দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ায় আমাদের হোচট খেতে হয়েছে। পরবর্তীতে স্বাস্থবিধি মেনে  আমরা প্রায় দেড়মাস পর সীমিত পরিসরে অফলাইন ও অনলাইনে ট্রেনিং কার্যক্রম পুনরায় চালু করি।’ এসডিজি অর্জনে সরকারকে বেসরকারি সংস্থা, মিডিয়া, সিভিল সোসাইটির এরকম জরিপ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে সহযোগিতা করার আহ্বান জানান তিনি ।

অ্যাকশন এইড বাংলাদেশের ইয়াং পিলল প্রকল্পের ম্যানেজার নাজমুল আহসান বলেন, ‘কোভিড-১৯ সবার জন্যই সংকট বয়ে নিয়ে এসেছে, বিশেষ করে যুব ও নারীদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। আমারা আশঙ্কা করছি, অনেক নারীই আর কর্মক্ষেত্রে সহজে ফিরে যেতে পারবে না । নারীদের সামাজিক ,সাংস্কৃতিক ও অর্থনৈতিক  ক্ষেত্রে পুনরায় যুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

অ্যাকশন এইড বাংলাদেশ উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়িটি ম্যানেজার মরিয়ম নেসা তার বক্তব্যে বলেন, ‘এমন এক সময়ে কোভিডের ধাক্কা লেগেছে, যখন আমাদের অর্থনৈতিক জীবনে গতিময়তা এসেছিল। কোভিড আমাদের পেছনে ঠেলে দিয়েছে এবং নতুন চ্যালেঞ্জর মুখোমুখি করেছে।’ অ্যাকশন এইড পরিচালিত এই জরিপ চ্যালেঞ্জ শনাক্ত ও মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।