বেচাকেনায় মন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত

ইমরান আলী
২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫০

রাজধানীর বনশ্রীর মুদি দোকানি রাসেল খানের ব্যবসায় মন্দা শুরু হয়েছিল মাস ছয়েক আগে। সময়ের সঙ্গে সেই মন্দা আরও প্রকট হয়েছে। একসময় তার দোকানে প্রতিদিন প্রায় লাখ টাকার কাছাকাছি বেচাকেনা হতো। এখন ৩০ থেকে ৩৫ হাজার টাকার পণ্যও বিক্রি হয় না। অথচ দোকানভাড়া, বিদ্যুৎ বিল ও তিন কর্মচারীর বেতনসহ পরিচালন ব্যয় আগের মতোই রয়েছে। ফলে ব্যবসা করে আগের মতো লাভের মুখ দেখছেন না তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কথা হয় রাসেল খানের সঙ্গে। তিনি বলেন, পাড়া-মহল্লার ভেতরে ছোট দোকানিদের ব্যবসায় একধরনের ধস নেমেছে। আগে একজন চা দোকানিও দিন শেষে ৩ থেকে ৪ হাজার টাকার ব্যবসা করতেন। এখন ২ হাজার টাকা বিক্রি করতেও তাদের ঘাম ঝরে যায়।

বেচাকেনা কমে যাওয়ার কারণ জানতে চাইলে রাসেল খান বলেন, আগে লোকজনের হাতে টাকা ছিল। বেশি করে মালামাল কিনতেন। এখন ক্রেতা ঠিকই আছেন, কিন্তু পণ্য আগের মতো কিনছেন না। অর্থাৎ তারাও টানাপড়েনের মধ্যে আছেন। শুধু মুদি দোকানের পণ্য দিয়ে একজনের সংসার চলে না। অন্যান্য পণ্যেরও প্রয়োজন হয়। আর এখন প্রায় সব জিনিসের দাম চড়া। এ কারণে মানুষ কম কিনছেন। অনেকে শুধু প্রয়োজনীয় জিনিসের মধ্যেই কেনাকাটা সীমাবদ্ধ রেখেছেন।

শুধু রাসেল খান নন, বনশ্রী এলাকার বিভিন্ন পণ্যের ছোট দোকানিদের মধ্যেও একধরনের হাহাকার চলছে। বেচাকেনা কমে যাওয়ায় হতাশায় ভুগছেন তারা। একদিকে দোকানভাড়া, অন্যদিকে নিজেদের সংসার চালানোর খরচ—সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন। যারা ছোট দোকানের আয় দিয়ে সংসার চালান, তাদের অনেকেরই এখন মাথায় হাত।

চা দোকানি সেলিম আহমেদ বলেন, আগে এক কাপ রং চা ৫ টাকা এবং গরুর দুধের চা ১০ টাকায় বিক্রি করতেন। কিন্তু এখন আর সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

কারণ হিসেবে তিনি বলেন, আগে একটি গ্যাসের বোতল ১ হাজার ২০০ টাকায় কেনা যেতো। এখন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। দুধ ও চিনির দামও বেশি। এ কারণে চায়ের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করেছেন। আগে যারা ঘন ঘন চা পান করতেন, তারাও কমিয়ে দিয়েছেন। ফলে বেচাকেনাও কমেছে।

সেলিম আহমেদ বলেন, তার মতো চায়ের দোকানিরা দিন শেষে ৭ থেকে ৮ হাজার টাকার চা বিক্রি করেছেন। এখন সেই বিক্রি অর্ধেকও হয় না। বেচাকেনা কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

তিনি বলেন, ঘরভাড়া, বিদ্যুৎ বিল, নিজের খাওয়া এবং ছেলেমেয়ের পড়াশোনা—সব মিলিয়ে এখন তারা বড় চাপে পড়েছেন।

ছোট ইলেকট্রিক পণ্যের দোকানি কামরুল ইসলামের অভিজ্ঞতাও একই। তিনি বলেন, ইলেকট্রিকের বিভিন্ন পণ্যের বেচাকেনাও আর আগের মতো নেই। পণ্য বিক্রির পাশাপাশি বাসাবাড়িতে গিয়ে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজের ডাকও আসত। সেটিও কমে গেছে।

কামরুল ইসলাম বলেন, মনে হচ্ছে মানুষ আগের মতো আর নেই। মানুষের আয়-রোজগার কমে গেলে আর জিনিসপত্রের দাম বেড়ে গেলে হিসাব তো ঠিকঠাক থাকে না। তারা নানা বিষয়ে কাটছাঁট করে জীবন চালাতে শুরু করেন। এখন সেই সময়টা চলছে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ভালো না চললে মানুষের হাতে ঠিকমতো টাকা থাকবে না। টাকা না থাকলে মানুষ প্রয়োজনের বেশি কিনতেও যাবে না।

ফলের দোকানেও বেচাকেনা কম। ছবি: বাংলা ট্রিবিউন

ফল ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, ব্যবসা নেই। এক কার্টন ফল নিয়ে এলে শেষ হতেই চায় না।

তিনি বলেন, দুই ক্যারেট আপেল নিয়ে এসে এক সপ্তাহেও শেষ করতে পারেননি। এর সঙ্গে কমলা, আনার, কলা, মাল্টাসহ অন্যান্য ফলও রয়েছে। মানুষ ফল খাওয়া কমিয়ে দিয়েছেন। আগে মানুষের হাতে টাকা ছিল। দুই ক্যারেট যেকোনো ফল নিয়ে এলে দুই-তিন দিনেই শেষ হয়ে যেত। এমনও সময় গেছে, সকালে ৪০ কেজি আপেল নিয়ে এলে রাতেই শেষ হয়ে গেছে। আঙুর ও মাল্টার ক্ষেত্রেও একই অবস্থা ছিল। কিন্তু এখন মাল নিয়ে আসার পর অপেক্ষায় থাকতে হয়, কখন সেগুলো শেষ হবে।

সানাউল্লাহ বলেন, কয়েকদিন আগে আপেলের দাম বেড়েছিল। সেই দাম এখনও আগের অবস্থায় ফেরেনি। অন্যান্য ফলের দামও বেশি। মানুষের হাতে টাকাও কম, ব্যবসা-বাণিজ্যেও মন্দা। সব মিলিয়ে মানুষের মধ্যে অভাব এসেছে। আগে একজন নিয়মিত দুই কেজি আপেল কিনতেন, এখন এক কেজি নেন। তারপরও নিয়মিত কেনেন না। এভাবেই চলছে। সবার মধ্যেই একধরনের নীরব অভাব চলে এসেছে। কেউ বলতে পারছেন, কেউ পারছেন না।

খুচরা বাজারেও ক্রেতাসংকট

শুধু পাড়া-মহল্লার ছোট দোকান নয়, রাজধানীর শপিং মল ও বিপণিবিতানগুলোতেও ক্রেতাসংকট দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া কেনাকাটা বন্ধ করেছেন অনেকে। কেউ আবার আগের তুলনায় কম পণ্য কিনছেন। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও ক্রেতা টানতে পারছেন না ব্র্যান্ডের পোশাকের দোকানিরা।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিপণিবিতানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় কোনো কোনো দোকানে বিক্রি ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় দোকান চালানোর খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। কোথাও কর্মচারী ছাঁটাই করতে হয়েছে, কোথাও লোকসান সামলাতে না পেরে দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি সংকটের প্রভাব মিলিয়ে খুচরা বাজারে মন্দা তৈরি হয়েছে। এর সঙ্গে দোকান খোলা রাখার সময় কমে যাওয়ায় বিক্রির সুযোগও সংকুচিত হয়েছে।

মূল্যস্ফীতির প্রভাব পড়েছে পোশাকের দোকানগুলোতেও। রাজধানীর বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার ব্র্যান্ডের পোশাকের দোকানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। কিন্তু সেই ছাড়েও প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা।

রাজধানীর শপিংমলতেও ক্রেতা কমেছে (ফাইল ছবি)

বনানীর একটি ফ্যাশন আউটলেটের ব্যবস্থাপক মো. সাফিনের হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় তাদের বিক্রি প্রায় ৩০ শতাংশ কমেছে। গত বছর ছাড় শুরুর পর যে সময়ে দোকানের তাক প্রায় খালি হয়ে যেত, এবার সেই সময়েও পোশাকে ভরা তাক দেখা যাচ্ছে।

ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাসের মতে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের কেনাকাটার ধরন বদলে গেছে। গত বছরের তুলনায় এবার ক্রেতার আনাগোনা ১৫ থেকে ২০ শতাংশ কমেছে। যারা আসছেন, তারাও শুধু প্রয়োজনীয় পণ্য কিনছেন। আগে ছাড়ের সময় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনতেন, এখন সেই প্রবণতা নেই।

অন্যদিকে ফ্যাশন ব্র্যান্ড রাইজের এক কর্মকর্তা জানান, গত বছরের অক্টোবরে তাদের বিক্রি ছিল প্রায় ২০ লাখ টাকা। এবার তা কমে ১৫ লাখ টাকায় নেমেছে। আরেক ব্র্যান্ড ক্যাটস আইয়ের অনলাইন বিক্রির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের তুলনায় তাদের বিক্রি প্রায় অর্ধেকে নেমেছে।

শুধু ব্র্যান্ডের পোশাকের দোকান নয়, রাজধানীর বিভিন্ন বিপণিবিতানেও বিক্রি কমেছে। শাহ আলী প্লাজা, গ্রিন সিটি মার্কেট, অর্কিড পয়েন্টসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাসংকট দেখা দিয়েছে।

মিরপুরের শাহ আলী প্লাজার একটি পোশাকের দোকানের বিক্রেতা জানান, গত বছরের নভেম্বর মাসে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকার পণ্য বিক্রি হতো। এখন বিক্রি নেমে এসেছে ১৫ থেকে ২০ হাজার টাকায়। কোনো কোনো দিন বিক্রি ১০ হাজার টাকাও হয় না।

সম্প্রতি বন্ধ হয়ে গেছে কর্ণফুলি শপিংমল

একই মার্কেটের গৃহস্থালি পণ্যের দোকানগুলোতেও বিক্রি কমেছে। একজন ব্যবসায়ী জানান, আগে প্রতিদিন ২৫ থেকে ৪০ হাজার টাকার পণ্য বিক্রি করতেন। এখন তা কমে ৮ থেকে ১০ হাজার টাকায় দাঁড়িয়েছে। পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারাও আগের মতো কিনছেন না।

ফার্মগেটের গ্রিন সিটি মার্কেটের একজন স্যানিটারি পণ্য ব্যবসায়ী জানান, আগে প্রতিদিন দেড় থেকে দুই লাখ টাকার পণ্য বিক্রি হতো। এখন তা কমে ৪০ থেকে ৫০ হাজার টাকায় নেমেছে। অনেক দোকানে কর্মচারী নেই। বিক্রি না থাকায় বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।

খুচরা বাজারে মন্দার বড় উদাহরণ রাজধানীর একসময়ের পরিচিত বিপণিবিতান কর্ণফুলী গার্ডেন সিটি। ১৯৯৮ সালে চালু হওয়া এই বিপণিবিতানে একসময় ১৯৮টি দোকান ছিল। বন্ধ হওয়ার আগে চালু ছিল মাত্র ১৭টি। দীর্ঘদিনের লোকসান ও পরিচালন ব্যয় সামলাতে না পেরে গত ১ অক্টোবর থেকে বিপণিকেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, বিপণিকেন্দ্রটি পরিচালনায় মাসে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হতো। অথচ সার্ভিস চার্জ বাবদ আদায় হচ্ছিল মাত্র ১ থেকে দেড় লাখ টাকা। দীর্ঘদিন লোকসান ও বকেয়া বিদ্যুৎ বিলের চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে বিপণিকেন্দ্রটি।

বিভিন্ন বাজার ঘুরেও একই চিত্র দেখা গেছে। ছোট দোকানিদের বেচাকেনায় ভাটা পড়েছে। অনেকেই এই ব্যবসার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। এখন তাদের কেউ কেউ ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। অনেক ব্যবসায়ী বলছেন, বিনিয়োগ করে দোকান চালানোর চেয়ে একটি অটোরিকশা কিনে রাস্তায় চালালেও দিনে ২ থেকে ৩ হাজার টাকা আয় করা সম্ভব। অথচ দোকানে মালামাল বিক্রি করে লাভের মুখ দেখতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

আয় বাড়ছে কম, ব্যয় বাড়ছে বেশি

মানুষের আয় ও ব্যয়ের ব্যবধান বাড়ার প্রভাব পড়েছে কেনাকাটায়। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের মজুরি যে হারে বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে তার চেয়ে বেশি হারে। গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ওই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৪ শতাংশে। বিপরীতে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৯০ শতাংশে নেমে আসে।

অর্থাৎ মানুষের আয় বাড়লেও প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ছে না। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ মেটাতে গিয়ে অন্য খাতে ব্যয় কমাতে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি উপকরণ ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি নির্ধারণের ঝুড়িতে থাকা ৩৮২টি পণ্যের মধ্যে ২০৩টির দাম বেড়েছে।

ক্রেতা কমে যাওয়ায় চাপে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির চাপ কমানো এবং মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সতর্ক থাকার সুপারিশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি বাংলা ট্রিবিউনকে বলেন, মূল্যস্ফীতি আগের তুলনায় কিছুটা কমলেও মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছে না। জিনিসপত্রের উচ্চ দাম অনেক মানুষকে প্রয়োজনীয় পণ্য কেনা থেকেও বিরত রাখছে। আগে যারা পোলাওয়ের চাল কিনে খেতে পারতেন, এখন ২৫০ টাকা কেজি দামে সেই চাল কেনাও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েছে। এতে শ্রমিকসহ সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোর পর অন্যান্য পণ্য কেনার সামর্থ্য থাকছে না।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি। তবে মজুরি নির্ধারণে শ্রমিক পরিবারের প্রকৃত ব্যয়, কর্মস্থল এলাকার জীবনযাত্রার খরচ, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে দক্ষতা, প্রযুক্তি ও উৎপাদনশীলতা বাড়িয়ে ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাও ধরে রাখতে হবে।

ব্যবসা-বাণিজ্যে ধসের পেছনে অর্থের সংকট

দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে মন্দার পেছনে অর্থের প্রবাহ কমে যাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক ও আলিফ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে ধস হঠাৎ করে আসেনি, বরং ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হয়েছে। এর অন্যতম কারণ বাজারে অর্থের প্রবাহ কমে যাওয়া। ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ পাচ্ছেন না। আর্থিকভাবে সচ্ছল হাতে গোনা কয়েকটি ব্যাংকে এখন বিনিয়োগ কেন্দ্রীভূত হচ্ছে। এসব ব্যাংকের মাধ্যমে কিছু গ্রাহক সহজে ব্যবসা পরিচালনার সুযোগ পেলেও সামগ্রিকভাবে ব্যবসা-বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হচ্ছে না।

তিনি বলেন, শিল্পকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, করোনাভাইরাস মহামারির সময় প্রায় দুই বছর কারখানাগুলো স্বাভাবিকভাবে চলতে পারেনি। দ্বিতীয়ত, ডলার সংকটের কারণে আমদানির জন্য অনেক ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলা সম্ভব হয়নি। আবার এলসি খোলার পর পণ্য আমদানি করা গেলেও অনেক ক্ষেত্রে মূল্য পরিশোধ করা যায়নি। পরবর্তী সময়ে ব্যাংক খাতে তারল্য সংকট এবং টাকার অবমূল্যায়ন পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসব সংকটের ধারাবাহিক প্রভাবে দেশের ব্যবসায়িক পরিবেশ ক্রমেই অবনতি হয়ে তলানিতে পৌঁছেছে।

বিক্রি বাড়াতে ব্যবসায়ীদের দাবি

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে, কিন্তু আয় সেই অনুপাতে বাড়েনি। ফলে মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে। বিশেষ করে অফিস ছুটির পর সন্ধ্যায় মার্কেটে ক্রেতা বেশি আসেন। কিন্তু রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে হওয়ায় ব্যবসায়ীরা বিক্রির গুরুত্বপূর্ণ সময় হারাচ্ছেন।

তিনি বলেন, দোকান ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ ও সরকারি প্রণোদনার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি বড় বিপণিবিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া উচিত।

বিভিন্ন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের এই অবস্থা চলতে থাকলে এর প্রভাব সবার ওপর পড়বে। একদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষও। মানুষের আয় ও ক্রয়ক্ষমতা না বাড়লে শুধু ছাড় দিয়ে বাজারে গতি ফেরানো কঠিন হবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬০ জন গ্রেফতার
হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট
সর্বশেষ খবর
কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?
কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?
ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি
টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি, অসুস্থ হয়ে হাসপাতালে এক আন্দোলনকারী
টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি, অসুস্থ হয়ে হাসপাতালে এক আন্দোলনকারী
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ