যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টরাজধানীর যাত্রাবাড়ীতে ভাই ভাই সুপার মার্কেটের ভিতরে বাদল শান ঘরের দোকান কর্মচারী রবিউল ইসলাম (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সহকর্মীরা রবিউলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী জান্নাত হোসেন জানান, রবিউল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি দোকানে ছুরি-কেচি শান (ধার) দেওয়ার কাজ করেন। আজ রূপগঞ্জের দোকান বন্ধ থাকায় সে আমাদের দোকানে ছুরি শান দিচ্ছিলেন। হঠাৎ মোটর থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে আমরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জানা যায়, মৃত রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। মোহাম্মদ মানু মিয়ার ছেলে তিনি।