পরিমাপে কারচুপির অপরাধে দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মহাখালী ও তেজগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
সোমবার (৪ জানুয়ারি) মহাখালীর বীর উত্তম এ.কে খন্দকার রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দেখা যায় ‘মেসার্স গুলশান সার্ভিস স্টেশন’ জ্বালানি তেল পরিমাপে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলি লিটার কম দিচ্ছে।
এছাড়াও তেজগাঁও এলাকার ‘মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশন’ জ্বালানি তেল পরিমাপে তিনটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৫০, ৬০ ও ৫০ মিলি লিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলি লিটার করে কম দিচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা করে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম এবং পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।