বিচার বিভাগসহ দেশের সব সেক্টরে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় জনগণের অংশ গ্রহণ বাড়বে ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ই-প্রকিউরমেন্ট বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের প্রকিউরমেন্ট সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হ্রাস করে দ্রুত সময়ে সঠিক আইটেম, সঠিক মূল্যে পাওয়ার ক্ষেত্রে ই-প্রকিউরমেন্ট এর গুরুত্ব অপরিসীম। অ্যানালগ পদ্ধতিতে সরকারি ক্রয়-সংক্রান্ত বিষয়ে দুর্নীতির সুযোগ থাকে। দুর্নীতি দূর করে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সরকারি ক্রয় ব্যবস্থাকে অধিক স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে গত ১০ বছরে সরকারি ক্রয় কার্যক্রমে নানা সংস্কার আনা হয়েছে। বিদ্যমান আইন ও বিধিমালা সঠিকভাবে অনুসরণ করেই দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সময়মতো সরকারি ক্রয় কার্যাবলি সম্পাদন করতে পারলে দুর্নীতি কমবে, সুশাসন প্রতিষ্ঠা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি ক্রয় কার্যক্রমে ই-প্রকিউরমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে যার মাধ্যমে দক্ষতা, স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে প্রতিযোগিতা।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা এবং ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া বক্তৃতা করেন।