রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় সাত মাস বয়সী শিশু হত্যার ঘটনায় বাবাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতের নাম রফিকুল ইসলাম (২৩)। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ৩টায় মধ্য আজমপুরে নিজ বাসা হতে তাকে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রফিক একজন মাদকাসক্ত, পেশায় রিকশাচালক। সোমবার দুপুরে ভাড়া বাসায় স্ত্রী রাহিমার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সাত মাসের শিশু সন্তানকে (৭ মাস) মায়ের কোল হতে ছিনিয়ে বাসার মেঝেতে সজোরে আছাড় মারে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। গ্রেফতারকৃতকে দক্ষিণখান থানায় মামলা করা হয়েছে।