বিদেশি অস্ত্রসহ রাজধানীর ‘সংঘবদ্ধ ডাকাত দল’ গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০ এর একটি দল মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ২টার দিকে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ও দীর্ঘদিন ধরে রাজধানীতে অপরাধে জড়িত বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো – মো. ইকবাল (৩২), মো. সোহেল হোসেন ওরফে মামুন (২৪), মো. আরিফ হোসেন ওরফে অপু (২২), শেখ আহমেদ হোসেন ওরফে মুন্না (৪০) ও মো. হায়দারুল ইসলাম ওরফে সোহেল (৩৬)।গ্রেফতার পাঁচ জন

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি শুটার গান, ছয় রাউন্ড অ্যামুনিশন, দুটি চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতো। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।