হাইকোর্টে জামিন চেয়ে সাবেক কাউন্সিলর রাজিবের আপিল

অর্থপাচার মামলায় নিম্ন আদালতে জামিন খারিজের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব হাইকোর্টে আপিল দায়ের করেছেন।

বুধবার (৬ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসাসহ সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ২৭ হাজার ১৯২ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করে সিআইডি। সেই মামলায় একই বছরের ২৬ জুলাই তার জামিন আবেদন খারিজ করে দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। এরপর ওই খারিজাদেশের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান রাজিব।

প্রসঙ্গত, শুদ্ধি অভিযানের সময় ২০১৯ সালের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। এরপর রাজিবের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।