সাকরাইনের আদলে ডিএসসিসি’র ঘুড়ি উৎসব

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আদলে প্রথম বারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সব কিছু ঠিকঠাক থাকলে বিভিন্ন মাঠ ও ঘরের ছাদ থেকে একসঙ্গে ১০ হাজার ঘুড়ি উড়বে রাজধানীর আকাশে। উৎসবে অংশ নিতে আগ্রহীদের মাঝে এসব ঘুড়ি সরবরাহ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।

পৌষের শেষ দিন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর দুইটা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৮টা পর্যন্ত। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে এই উৎসব একযোগে ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে। 

ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আয়োজন সফল করতে ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের সাধারণ আসনের ৭৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ২৫ জন নারী কাউন্সিলরকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ হতে ১০০ করে ঘুড়ি সরবরাহ করা হবে। পরে কাউন্সিলররা সেসব ঘুড়ি সংশ্লিষ্ট ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিলি করবেন।

উৎসব আয়োজন প্রসঙ্গে ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, সাকরাইন উৎসব পুরান ঢাকার ঐতিহ্য। কালের পরিক্রমায় এই ঐতিহ্য পুরান ঢাকার গণ্ডি ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কিন্তু যান্ত্রিক জীবনের বাস্তবতায় আমরা অনেকেই ভুলতে বসেছি। তাই, ঢাকার ঐতিহ্য লালন, সংরক্ষণ এবং প্রসারে ডিএসসিসির মেয়র যে রূপরেখা ঘোষণা করেছেন সে ধারাবাহিকতায় আমরা প্রথমবারের মতো এই ঘুড়ি উৎসবের আয়োজন করতে যাচ্ছি।

সাকরাইন উৎসব-১৪২৭ আয়োজন প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই আয়োজন পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ফিরিয়ে আনতে একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।’