‘বনের বিস্তৃতি ও কর্মসংস্থানের জন্য দক্ষ বনবিদ তৈরি করতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ বৃদ্ধি, বননির্ভর দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়নের নিশ্চয়তা দেওয়া এবং প্রাকৃতিক বনভূমির পাশাপাশি বাসস্থান ও অন্যান্য অব্যবহৃত জমিতে বনের বিস্তৃতি ঘটাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ বনবিদ তৈরি করাও এখন একটি বড় কাজ।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ফরেস্টার্স বাংলাদেশ (আইএফবি) এর ওয়েবিনার-ভিত্তিক বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন আইএফবি’র সভাপতি ও সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক একেএম রফিক আহাম্মদ ও প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, ‘বন সংশ্লিষ্ট গবেষণা ও কর্মের সুযোগ সৃষ্টি করতে বনবিদ্যার ডিগ্রি দেওয়া বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান  ও‌ দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার মাঝে যুগোপযোগী ও সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া ও তার বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বন বিজ্ঞানে স্নাতকদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থান করার ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘বনজসম্পদের সঠিক সংরক্ষণের জন্য সর্বোত্তম ও সর্বাগ্রে প্রয়োজন শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত এবং দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ বনবিদ।’ জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বন ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নীতি-কৌশল অনুসরণ করে দক্ষ ও অভিজ্ঞ বনবিদদের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের বন ও পরিবেশ সেক্টর একটি সবুজ এবং বাসযোগ্য দেশে পরিণত করবে বলে তিনি অভিমত দেন।