স্বপ্নেও ভাবিনি পদ্মা সেতু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, কোনোদিন স্বপ্নেও ভাবিনি পদ্মা সেতু হবে। আজ পদ্মা সেতু হচ্ছে, পায়রা বন্দর হচ্ছে। ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন ও চার লেনের রাস্তা হবে। তিনি বলেন, ‘এগুলো হলে বিদেশিরা  বিভাগীয় শহর বরিশালে এসে অফিস করবে। জমির দাম বাড়বে। আর অফিস-আদালত হলে আপনাদের সন্তানরা চাকরি পাবে।’

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে মানবতার মা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের কথা চিন্তা করেন বিধায় প্রধানমন্ত্রী গৃহহীনদের মাঝে একদিনে ৭০ হাজার ঘর দিয়েছেন। করোনার মাঝে তিনি দু’হাত ভরে সাধারণ মানুষের জন্য প্রণোদনা দিয়েছেন। আবার ইউরোপ ও আমেরিকার সঙ্গে আমরাও একই সময়ে ভ্যাকসিন দিতে পারছি প্রধামন্ত্রীর জন্য। তিনি যতদিন সরকার প্রধান আছেন, ততদিন বাংলাদেশের উন্নয়ন হবে।’

পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক  মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইতালি শহিদ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।