মামুনুল-বাবুনগরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের পৃথক দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছালো। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় আদালত  নতুন এ দিন ধার্য করেন।

বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের মামলায় একমাত্র আসামি মাওলানা মামুনুল হক।

আরেকটি মামলার বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মামলার আসামিরা হলেন- মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম ও জুনায়েদ বাবুনগরী।

মামলায় অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মামুনুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেওয়া হবে না। প্রয়োজনে লাশের পর লাশ পড়বে। আবার শাপলা চত্বর হবে।’

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ২৭ নভেম্বর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে বলেন, ‘কোনও ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হবে।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ দণ্ডবিধির ১২০বি, ১২০ বি ও ১২৪ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন-

মামুনুল-বাবুনগরীর বিরুদ্ধে মামলা: তদন্ত প্রতিবেদন পেছালো

বাবুনগরী ও মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা