লাইব্রেরি না থাকলে স্কুল এমপিওভুক্ত না করার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর

লাইব্রেরি না থাকলে স্কুল এমপিওভুক্ত (মাসিক বেতন আদেশ) না করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন,  ‘কোনও স্কুলে লাইব্রেরি না থাকলে সেটি যেন এমপিওভুক্ত না করা হয়।’

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় পাঠাগার আন্দোলন নামে একটি সংগঠন। 

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে দেশে বহু এমপিওভুক্ত স্কুল আছে। যেখানে লাইব্রেরি আছে। নতুন স্কুল এমপিওভুক্ত হবে না, যদি সেখানে একটি লাইব্রেরি না থাকে। সরকারের কর্মকর্তা যারা আছেন, আমি প্রস্তাব করছি, প্রত্যেক এমপিওভুক্ত স্কুলে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্কুলের লাইব্রেরি খোলা রাখুন। কারণ তখন সেখানে সবাই এসে পড়তে পারবে, গল্পও করতে পারবে।’

জাতীয় পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরিফ চৌধুরী শুভ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং প্রকৌশলী ড. এম ফিরোজ আহমেদ সভাপতিত্ব করেন।