এক মাসে ‘সবার ঢাকা’ অ্যাপে চার শতাধিক অভিযোগ

গত এক মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক সেবার অ্যাপ ‘সবার ঢাকা’য় চার শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৪ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জানুয়ারি উদ্বোধনের পর থেকে আজ মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত এক মাসে ‘সবার ঢাকা’ অ্যাপটি চার হাজার ৭৩ জন ডাউনলোড করেছেন। অ্যাপটির মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার নগরবাসী মোট ৪২৯টি অভিযোগ করেছেন। এর মধ্যে ৩১৮টি অভিযোগ অর্থাৎ ৭৪ শতাংশ অভিযোগের সমাধান দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সর্বোচ্চ ১১৩টি অভিযোগ সড়ক মেরামত ও ম্যানহোল সংক্রান্ত। এর মধ্যে ৯৪টি অভিযোগের সমাধান দেওয়া হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৪টি অভিযোগ পাওয়া যায় সড়ক বাতি স্থাপন ও মেরামতের জন্য। যার মধ্যে ৯০টির সমাধান দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭৮টি অভিযোগ পাওয়া গেলে ২২টির সমাধান দেওয়া হয়। মশা সংক্রান্ত ৫৭টি অভিযোগে ৪৬টির সমাধান দেওয়া হয়।

এছাড়া ময়লা-আবর্জনা অপসারণের জন্য ৪৬টি অভিযোগের মধ্যে ৪২টির সমাধান দেওয়া হয়। নর্দমা সম্পর্কিত মোট ৩৫টি অভিযোগের মধ্যে ২০টির মীমাংসা করা হয়। জলাবদ্ধতা নিয়ে পাওয়া তিনটি অভিযোগের সব কয়টির সমাধান দেওয়া হয়। পাবলিক টয়লেট সংক্রান্ত তিনটি অভিযোগের মধ্যে একটির সমাধান করা হয়েছে।

অনিষ্পন্ন মোট ১১১টি অভিযোগ বিভিন্ন মেয়াদে পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। ১৭ নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ৫৫টি এবং তিন নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি অভিযোগ পাওয়া যায়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির সব সেবা সহজে নাগরিকদের হাতের মুঠোয় পৌঁছানোর লক্ষ্যে ‘সবার ঢাকা’ অ্যাপটি চালু করা হয়। নগরবাসীর কাছে আরও জনপ্রিয় করতে অ্যাপটি সম্পর্কে প্রচারাভিযান চালানো হবে।