মুক্তাঙ্গন মসজিদ উচ্ছেদ করলো ডিএসসিসি

রাজধানীর পল্টনের মুক্তাঙ্গন পার্কের ভেতরে থাকা ‘মুক্তাঙ্গন মসজিদ’ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একইসঙ্গে আরও কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই মসজিদ উচ্ছেদ করা হয়।

মসজিদের ইমাম আফসার উদ্দিন জানান, পার্কের মধ্যের এই মসজিদটি ১৯৯৮ সালে স্থাপন করা হয়েছিল। মসজিদে এই এলাকার মানুষ নামাজ আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ বলেন, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ডিএসসিসির এক অফিস আদেশ এই পার্কের ভেতর থাকা অবৈধ স্থাপনা এবং একটি নামাজের জায়গা (মসজিদ) ভেঙে দেওয়ার নির্দেশনা ছিল। সেই নির্দেশনার আলোকে বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়েছে। পার্কের ভেতরে থাকা সব অবৈধ বা নকশা বহির্ভূত স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ধানমন্ডি লেকের ভেতরে থাকা ‘আর-রহমান জামে মসজিদ’ ভেঙে দিয়েছিল ডিএসসিসি। এছাড়া রাজধানীর আজিমপুর চৌরাস্তা সংলগ্ন আরও একটি ৫০ বছর আগের নির্মিত মসজিদ ভেঙে দেওয়া হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। ৫ ফেব্রুয়ারি ধানমন্ডিতে প্রতিবাদ সভাও করেছেন ধানমন্ডি ওয়েলফেয়ার সমিতি।