শেষ হলো ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক প্রদর্শনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজিত ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক চিত্রপ্রদর্শনী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। কসমস ফাউন্ডেশনের সহায়তায় গ্যালারি ‘কসমস আতেলিয়ার ৭১’-এর সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দুই মাসব্যাপী এই প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়।

আর্ট ক্যাম্পে প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর সূত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বণিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভী আক্তার অংশ নেন। এই ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীদের আঁকা শিল্পকর্মগুলো দিয়েই প্রদর্শনীর আয়োজন করা হয়।

সমাপনী দিনে মঙ্গলবার এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিব্যক্তি, অঙ্গভঙ্গি এবং চালচলনের মাধ্যমে কীভাবে বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছেন, শিল্পীরা তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।’ 

আরেফিন সিদ্দিক বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সভাপতি এবং বিরোধীদলীয় নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন সময়, বা ২১ আগস্ট গ্রেনেড হামলা, বিভিন্ন সময়ে তার ওপর হামলাসহ অনেক বাধা ও চ্যালেঞ্জের মুখে দায়িত্ব পালন করে আসছেন। এ প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে সুনিপুণভাবে তার অভিব্যক্তি এবং কঠিন সময়ের বিভিন্ন ভঙ্গিমা এবং চালচলন তুলে ধরা হয়েছে।’

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আরেফিন সিদ্দিক আরও বলেন, ‘শেখ হাসিনা একজন কর্মতৎপর ও অমায়িক মানুষ। রাষ্ট্রের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তার বুদ্ধিমত্তা, দৃঢ় মনোভাব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব বাধা ডিঙিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার সক্ষম ও দূরদর্শী নেতৃত্ব, অপরিসীম সাহসিকতা ও দৃঢ় মনোবলের কারণে পদ্মা সেতু নির্মাণ নিয়ে থাকা সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছেন। তার ব্যক্তিগত এসব গুণাবলি এই শিল্প প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে।’

করোনাভাইরাস মহামারি মোকাবিলা এবং জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে ঢাবির এই সাবেক ভিসি বলেন, ‘অনেক উন্নত দেশ এখনও তাদের নাগরিকদের জন্য টিকাদান নিশ্চিত করতে পারেনি। তবে শুধু শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মানুষ এখন দেশে টিকা পাচ্ছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক কূটনীতিক তারিক এ করিম।

গত বছরের ১৫ ডিসেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এই শিল্প প্রদর্শনী উদ্বোধন করেন।