ফুটপাতের ওপর মশারি টানিয়ে প্রতিবাদ

মশার উপদ্রব থেকে রেহাই পেতে অভিনব প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। শুক্রবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতের ওপর মশারি টানিয়ে শুয়ে প্রতিবাদ জানায় সংগঠনটি। 

প্রতীকী এই প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়, সংগঠনের একজন কর্মী মশারি টানিয়ে শুয়ে আছেন। মশার কামড়ে একটু পরপর তিনি ঘুম থেকে উঠে যাচ্ছেন এবং মশা মারছেন। 

মানববন্ধনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি  বাহরানে সুলতান বাহার বলেন, রাজধানীতে মশার উপদ্রব ব্যাপক আকার ধারণ করেছে। বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই এখন মশা। এ যেন মানুষের নয়, মশার রাজধানী। ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে আনতে পারছে না। ওষুধ পুরো কার্যকর হচ্ছে না। মশার প্রকোপ এত বেশি যে মশারি, কয়েল আর স্প্রেও কোন কাজে আসছে না। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে রাজধানীতে মশার ঘনত্ব বেড়েছে প্রায় ৪ গুণ।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আগে থেকেই মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলে নগরবাসীকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বিভিন্ন এলাকায় মশক নিধন কর্মীদের দায়িত্ব অবহেলার ফল এখন মানুষ ভোগ করছে।

রাজধানীর বাড়িওয়ালাদের উদ্দেশে বাহার বলেন, ‘ভাড়াটিয়াদের অভিভাবক হিসেবে আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আপনারা স্ব উদ্যেগে আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং মশক নিধন কর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওষুধ দিন।’