শহরে থাকলেও শিল্পীর সত্তায় গ্রাম। প্রচণ্ড স্বপ্নবাদী এই শিল্পী কাজ করেন ফোক, গ্রাম্য ধারায়। নিজের ভেতরকার স্বপ্নের চিত্ররূপ দিয়েছেন। তিনি এ প্রজন্মের তরুণ চিত্রকর আল আখির সরকার। শিল্পাঙ্গন গ্যালারির দেয়ালে তার আঁকা ৪৭টি চিত্রকর্ম ঝুলছে এখন। শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হলো শিল্পীর একক প্রদশর্নীর।
রাজধানীর লালমাটিয়ায় শিল্পাঙ্গন গ্যালারিতে ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টার মধ্যে ঘুরে আসা যাবে এই প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র পরিচালক ওলিভিয়ে দাঁতাঁজে শিল্পাঙ্গন গ্যালারিতে এ আয়োজনের উদ্বোধন করেন।
‘মন পবনের নাও’ শিরোনামে এই প্রদর্শনীতে আছে বেশ কিছু ছবি, যেখানে ফুটে উঠেছে নৌকা। শিল্পী আল আখির সরকারও বলেছেন নৌকা নিয়ে আঁকা ছবি থেকেই প্রর্দশনীর এ নামকরণ।
এ আয়োজন এমন সময় চলছে যখন শিল্পাঙ্গন গ্যালারিরও ২৯তম জন্ম বার্ষিকী। ১৯৯২ সালের ১৪ মে জন্ম হয় এ গ্যালারির। তাই এ আয়োজনটি জন্ম বার্ষিকীর আয়োজন বলছেন আয়োজকরা। দীর্ঘ এ সময়ে বরেণ্য শিল্পীদের যেমন প্রদর্শনী হয়েছে, তেমনি তরুণ প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ করে দিয়েছে শিল্পাঙ্গন গ্যালারি,বলছিলেন শিল্পাঙ্গন গ্যালারি পরিচালক রুমি নোমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের প্রতিভাবান শিল্পীদের মধ্যে একজন আল আখির সরকার। আমরা সব সময় তরুণদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি, পাশে থেকেছি।
প্রদর্শনীর ছবিগুলো ওয়াটার, অ্যাক্রেলিক, ইন্ক, মার্কার, পেন ব্যবহার করে এঁকেছেন বলে জানালেন চিত্রকর আল আখির সরকার। তিনি বলেন, ‘আমি গ্রাম্য বিষয় নিয়ে কাজ করি বেশি। শহরে থাকলেও স্বপ্নবাদী বিষয়গুলো আমাকে টানে। খুব বেশি বাস্তববাদী বিষয় আমাকে টানে না। আমি সারল্য পছন্দ করি, ছবিতেও সে বিষয়গুলোকে প্রধান্য দিই। আমি ক্যানভাসের সামনে থাকলে আর শহুরে মানুষ থাকি না।’