জন্ম সনদের সঙ্গে গাছের চারা উপহার দেবেন মেয়র আতিক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ইস্যু হওয়া প্রতিটি জন্ম সনদের সঙ্গে একটি করে গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘উত্তর সিটি করপোরেশন থেকে আমরা যখন জন্ম সনদ দেবো। প্রতিটি সনদের সঙ্গে একটি করে গাছের চারা উপহার দেবো। প্রতিটি বাচ্চার নামে একটি করে যদি গাছ লাগানো হয় তাহলে আমাদের ঢাকা শহরে অক্সিজেনের আর অভাব হবে না। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ ও সচল ঢাকা গড়ে তুলি।’

শুক্রবার (১৯ মার্চ) সকালে নগরীর মোহাম্মদপুরে বিডি ক্লিন আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ ঘোষণা দেন। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিটি পালিত হয়।

আতিকুল ইসলাম বলেন, ‘কোনও অশুভ শক্তির কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও তার কাউন্সিলররা মাথা নত করবে না। তোমরাই (উপস্থিত শিশুরা) আগামী ভবিষ্যৎ। তোমরাই পথ দেখাতে পারবে। এই দেশ আমার এই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের।’

মেয়র বলেন, ‘আমাদের সমস্যা আছে। আমরা সেই সমস্যা সমাধান করছি। বায়োমেট্রিক পদ্ধতিতে মশক কর্মীদের হাজিরা নিশ্চিত করছি। আমরা আধুনিক প্রযুক্তিতে কীভাবে মশা নিধন করতে পারি সেই প্রচেষ্টা করছি। পাবলিক হেল্থের জন্য দুটি শর্ত। একটি সচেতনতা বৃদ্ধি করা অন্যটি নাগরিকদের অংশগ্রহণ। আজ আপনার এগিয়ে এসেছেন এটাই হচ্ছে সচেতনতা এটাই হবে নাগরিকদের অংশগ্রহণ।’