পল্টনে হেফাজত ও আ. লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

পল্টন মোড়ে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হেফাজতের কর্মীরা হরতাল সমর্থনে মিছিল নিয়ে রবিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম থেকে পল্টনে মিছিল নিয়ে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১০টা থেকেই বায়তুল মোকাররমে জড়ো হয় হেফাজত কর্মীরা। বেলা ১১টার দিকে বায়তুল মোকাররমে আসেন ঢাকা মহানগর হেফাজতের সভাপতি জুনায়েদ আল হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ অন্যরা। সেখানে সমাবেশ করেন তারা। বেলা সাড়ে ১১ টার দিকে সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টনের হয়ে নাইটেংগেলের দিকে আগায় হেফজত নেতারা। এদিকে জিরো পয়েন্টের দিকে আগে থেকেই অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় হেফাজতের মিছিলের একাংশ আওয়ামী লীগের কর্মীদের দেখে ধাওয়া করে। তাদের ধাওয়ায় পিছু হটে আওয়ামী লীগ কর্মীরা। পরবর্তীতে আওয়ামী লীগের কর্মীরা হেফাজত কর্মীদের ধাওয়া করে। এসময় উভর পক্ষই ইটপাটকেল ছুড়তে থাকে। উভয় পক্ষের হাতেই লাঠি দেখা গেছে। এ সময় পুলিশকে রাস্তার পাশে অবস্থান নিতে দেখা যায়। পরবর্তীতে হেফাজত কর্মীরা পল্টন এলাকা ত্যাগ করে। আওয়ামী লীগ কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। বেলা ১২ টার দিকে আবারও বায়তুল মোকাররমে এসে অবস্থান নেয় হেফাজত কর্মীরা।