বিশেষ শিশুদের মধ্যেও অনেক মেধা রয়েছে

বিশেষ শিশুদের মধ্যেও অনেক মেধা রয়েছে। তাই তাদের মেধারও পরিচর্যা করা উচিত বলে মন্তব্য করেছেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া। 

১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত এক র‍্যালিতে তিনি এ কথা বলেন। 

শুক্রবার (২ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‍্যালিটি ঢাকা মহানগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

সমাবেশে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া বলেন,  ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ শিশুদের নিয়ে কাজের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া জাগিয়েছেন। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তার পদাঙ্ক অনুসরণ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশেষ শিশুদের বিকাশের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে চলেছি। এই শিশুদের বিকাশের জন্য কেবল তাদের অভিভাবকদের এগিয়ে আসলে চলবে না। পাশাপাশি সর্বসাধারণকেও বুঝতে হবে যে, এসব শিশুদের মধ্যে রয়েছে অনেক মেধা। তাদের মেধা বিকাশের সুযোগ করে দিলে তারা পরিবার দেশ জাতির জন্য অনেক অবদান রাখতে সক্ষম হবে। তাই তাদের সঙ্গে সবাইকে স্বাভাবিক আচরণ করতে হবে।

ফাউন্ডেশনের মহাসচিব এস এম সামসুল হুদা বলেন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত কয়েক হাজার শিশুকে স্বাভাবিক আচরণের কাছাকাছি ফিরিয়ে এনে তাদের মেধা বিকাশ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ শিশুদের বিকাশে অভিভাবকদের মুখ্য ভূমিকা রয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ, অর্থ সম্পাদক ফরিদ উদ্দীন রাব্বানী, কার্যকরী সদস্য শারমিন সুলতানা, ডা. মাহফুজ আলম মাহফুজ, ডা. জাকারিয়া হাবিব, ডা. নাজমুল হোসেন প্রমুখ।