রাজধানীর দারুস সালাম এলাকা থেকে নয় হাজার তিনশ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। মঙ্গলবার (২৫ মে) সকালে র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত দুজন হলো– শারমিন আক্তার জেসমিন (৪২) ও রাজীবুল হাসান ওরফে রাজীব (৩৫)।
জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ইয়াবা, মাদক বিক্রি করা সাত হাজার ১১০ টাকা এবং মোবাইল ফোনসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা পরস্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ কক্সবাজার থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দারুস সালাম থানায় মামলা হয়েছে।