সোয়াট টিমের প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী ও পুলিশের স্মারক বিনিময়

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে এন্টি টেরোরিজম ইউনিটের সোয়াট টিমের কাস্টোমাইজড এক্সারসাইজ প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে স্মারক বিনিময় করা হয়।

শনিবার (২৬ জুন) অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, দেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ এন্টি টেররিজম ইউনিট। সেজন্য সক্ষমতা বাড়ানোর ধারাবাহিক উন্নতি অক্ষুণ্ণ রাখার জন্য এন্টি টেররিজম ইউনিট সদস্যদের ইউনিটের অভ্যন্তরে ও দেশে-বিদেশে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় সিলেটে সেনাবাহিনীর জালালাবাদ ক্যান্টনমেন্ট বিখ্যাত প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে ‘কাস্টোমাইজড এক্সারসাইজ’ প্রশিক্ষণ। এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সোয়াট টিমের ২৪ জন সদস্য গত ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণটি সফলভাবে শেষ করেছে।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্যারা-কমান্ডো ব্রিগেড কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মুহসীন আলম ও এন্টি টেররিজম ইউনিটের পক্ষ থেকে পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন শুভেচ্ছা স্মারক বিনিময় করেন ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

সেনাবাহিনীর সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ’র নিয়মিত প্রশিক্ষণ কোলাবোরেশান সদস্যদের আত্মবিশ্বাস, কর্ম উদ্দীপনা ও মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।