ঢাকার ভেতর বাস চলবে না

লকডাউন চলাকালে দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ থাকবে। রাজধানী ঢাকার ভেতরেও কোনও গণপরিবহন চলবে না। 

আজ সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ নির্দেশনা বলবত থাকবে।

রবিবার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই নিয়ম জারি থাকবে।

এর আগে শনিবার (২৬ জুন) তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানান, সোমবার (২৮ জুন) থেকে সীমিত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন শুরু হবে। সে সময় জরুরি পরিসেবা ছাড়া আর কিছুই খোলা থাকবে না। ঘর থেকে মানুষ অকারণে বের হতে পারবেন না।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, লকডাউন এতটাই কঠোর হবে যে তা বাস্তবায়নে পথে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।