শোককে সমৃদ্ধিতে পরিণত করার অঙ্গীকার বেসিসের আলোচনা সভায়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিসের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে এবং শক্তিকে সমৃদ্ধিতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একইসঙ্গে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য হোতাদের প্রকাশ্যে আনা ও পলাতক খুনিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

রবিবার (২২ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান। তিনি ‘বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পঁচাত্তরের ১৫ আগস্টকে বাঙালি জাতি ও বিশ্বের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিন হিসেবে উল্লেখ করেন তিনি।

পলক বলেন, আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থাকে পেপারলেস ব্যবস্থায় রূপান্তর করার চেষ্টা করছি। আগামীর বাংলাদেশে কোনও লাল ফিতার দৌরাত্ম্য থাকবে না। দেশের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল করার ক্ষেত্রে একটা কমন প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে সরকার।

বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি করোনা মহামারির এই সময় ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সচল রাখাতে সরকারের সাফল্য তুলে ধরেন।