রাজধানীর জুরাইনে ট্রাকসেল থেকে ১৪ বস্তা চাল উধাও হয়ে গেছে। প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে মোট চাল ৭০০ কেজি। এই ঘটনায় ডিলারশিপ বাতিলসহ ডিলারের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ২২ আগস্ট মন্ত্রণালয় খাদ্য অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশ দেয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় ওয়েবসাইটে সংশ্লিষ্ট নির্দেশনাটি জারি করা হয়।
এতে বলা হয়, গত ১৯ আগস্ট রাজধানীর জুরাইনের শাহ আলম মার্কেটের মো. শাকিলের ট্রাকসেলে ৫০ কেজি ওজনের ১৪ বস্তা (৭০০ কেজি) চাল পাওয়া যায়নি। এই বিষয়টি সরেজমিনে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা স্বীকার করেছেন। ওইসময় ট্রাকসেলে ডিলার উপস্থিত ছিলেন না।
আদেশে জানানো হয়, এই ঘটনায় ২০১৫ সালের ওএমএস নীতিমালার ১২(ক) অনুচ্ছেদে এবং অঙ্গীকারনামার ৪, ৫, ৬, ৭, ৮ ও ১০ এ উল্লিখিত শর্তগুলো ভঙ্গ হয়েছে।
এই পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনা করে ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং ডিলারের জামানত বাতিলসহ তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এছাড়া সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শককে কারণ দর্শানো নোটিশ করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়।